নিষেধাজ্ঞার ভাইরাস করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আলী শামখানি নামের ওই কর্মকর্তা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আর অঙ্গীকার ভঙ্গের ভাইরাস ‘আন্তর্জাতিক নিরাপত্তার জন্য’ করোনার চেয়েও ভয়াবহ। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
আলী শামখানি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে করোনা ভাইরাস প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। তাদের ওই দাবি পরমাণু সমঝোতার আইনি প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভিও ইতোপূর্বে বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে সাহায্য করার কথা বলেছে। কিন্তু এসব রাজনৈতিক প্রচারণা এবং বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার জন্য অহংকারের বহিঃপ্রকাশ।
চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় শখানেক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সূত্র: পার্স টুডে।