যুক্তরাষ্ট্রের কারাগারে অনশন করছেন ১০ বাংলাদেশি

Krome1

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি কারাগারে ১০ বাংলাদেশি বন্দি অনশন করছেন। গত ২ ডিসেম্বর তারা অনশন শুরু করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এই অনশন চলছে। শুক্রবার তারা প্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট করতেও অস্বীকৃতি জানিয়েছেন।

অভিবাসন মামলার রায়ে হতাশা প্রকাশ করে তারা এই অনশন করছেন।

বাংলাদেশি বন্দিদের অনশনের প্রেক্ষিতে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বন্দিদের মেডিক্যাল পরীক্ষা করার জন্য আদালতের অনুমতি চেয়েছে। রবিবার বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

প্রকাশিত খবর অনুসারে, শুক্রবার মিয়ামির ফেডারেল কোর্টে এ বিষয়ে জরুরি আদেশের জন্য আবেদন করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশি দশ বন্দি ফ্লোরিডার ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে গত ২ ডিসেম্বর থেকে অনশন করে আসছেন। তারা শুধু পানি খেয়ে বেঁচে আছেন। শুক্রবার তারা প্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট করতেও অস্বীকৃতি জানান।

আদালতে আবেদনের সঙ্গে দেওয়া তথ্য অনুসারে, কারাগারের চিকিৎসক জানিয়েছেন বন্দিরা তাদের অভিবাসন মামলার রায়ে হতাশ হয়ে অনশন শুরু করে।

কারাগারে আটক বাংলাদেশিদের বয়স ১৯ থেকে ৪৩ বছর। অনশনে এ পর্যন্ত তাদের কারও কারও ১৪ পাউন্ড পর্যন্তও ওজন কমে গেছে তাদের। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় টেক্সাসের হিডালগো থেকে ওই ১০ বাংলাদেশিকে আটক করা হয়।

এর আগে ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্ত থাকার আশ্বাস পেয়ে ১৫৬ ঘণ্টার অনশন ভাঙেন বাংলাদেশের আশ্রয়প্রার্থীরা। টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো ডিটেনশন সেন্টারে এই দাবিতে ৪৮ জন বাংলাদেশি ১৪ অক্টোবর থেকে অনশন শুরু করেন। 

 

/এএ/এফএস/