যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ১৯ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসি-কে এ তথ্য জানিয়েছেন।
বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ম্যাট হ্যানকক বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, ন্যাশনাল হেলথ সার্ভিস পরিবারের ১৯ জন সদস্য মারা গেছেন।
মৃত স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা এ ভাইরাসের মোকাবিলায় নিজেদের সামনের সারিতে রেখেছেন। দায়িত্ব পালনের সময়েই তারা আক্রান্ত হয়েছিলেন কিনা সেটি নির্ণয়ের চেষ্টা চলছে।
ম্যাট হ্যানকক বলেন, নৃতাত্ত্বিকভাবে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর স্বাস্থ্যকর্মীদের করোনায় উচ্চ মৃত্যুহার আমাকে আহত করেছে। তারা ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করতে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন। এটা সত্যিই হতাশাজনক।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৬০৫। এর মধ্যে আট হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৮৮ জন। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।