করোনার কারণে বেতন কম নেবেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের মহামারির কারণে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নিজেও কম বেতন নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। এই মহামারিতে কর্মহীন হয়ে পড়া এবং কম বেতন নিতে বাধ্য হওয়া নাগরিকদের স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিসি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন

করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপের জন্য প্রশংসা পাচ্ছে নিউ জিল্যান্ড। দেশটিতে ব্যাপক সংখ্যক টেস্ট করানোর পরেও এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৬ জন আর মৃত্যু হয়েছে নয় জনের। বিদেশিদের জন্য গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। ২৩ মার্চ থেকে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন। এই সময়ে কেবলমাত্র মুদি দোকানে এবং আশেপাশে ব্যায়াম ছাড়া অন্য কোথাও যেতে নাগরিকদের নিষেধ করা হয়।

বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আর্ডেন বলেন, আগামী ছয় মাস ধরে তিনি নিজে, মন্ত্রিসভার সদস্যরা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রধান নির্বাহীরা ২০ শতাংশ বেতন কম নেবেন। কিন্তু সরকারের আর্থিক নীতিতে কোনও পরিবর্তন আনা হবে না বলে জানান তিনি।

নিউ জিল্যান্ডের লকডাউন শেষ হওয়ার এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন শিগগিরই তা শেষ হচ্ছে না। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, ‘এক শতাব্দীর মধ্যে দেখতে পাওয়া মানব স্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকির মুখে কিউই নাগরিকেরা নীরবে এবং সম্মিলিতভাবে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে।’