বিগত ৩৭ দিনের মধ্যে শুক্রবার (২৪ এপ্রিল) ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা দফতরের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শুক্রবার দেশটিতে ৪২০ জনের মৃত্যু হয়েছে ১৯ মার্চের পর থেকে যা একদিনে সর্বনিম্ন।
ইতালিতে প্রথম করোনা শনাক্ত হয় ২১ ফেব্রুয়ারি। শুক্রবার পর্যন্ত সেখানে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জনে। মৃতু হয়েছে ২৫ হাজার ৯৬৯ জনের। বিশ্বে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর এটি তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর দেশ।
টানা কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা আশার আলো দেখছে সেখানকার ছয় কোটি মানুষ। শুক্রবার মৃত্যুর সংখ্যা ৩৭ দিনের মধ্যে সর্বনিম্ন হলেও এদিন আগের দিনের তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার ইতালিতে নতুন করে আক্রান্ত হয় ২ হাজার ৬৪৬ জন। শুক্রবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১ জনে।