ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যে আটকে পড়া অসহায় অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার খরচ জোগানোর ঘোষণা দিয়েছে বিরোধী দল কংগ্রেস। সোমবার (৪ মে) দলের সভাপতি সোনিয়া গান্ধী এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে সোমবার বলেন, ‘সরকার যখন এত টাকা খরচ করে ভিনদেশে আটকে থাকা নাগরিকদের ফেরাতে পেরেছে। ১০০ কোটি টাকা খরচ করতে পেরেছে গুজরাটের একটা অনুষ্ঠানের জন্য, রেল দফতর প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ১৫০ কোটি টাকা দান করতে পারছে, অথচ আমাদের দেশের সবচেয়ে জরুরি নাগরিকদের ন্যূনতম সৌজন্য দেখানো হচ্ছে না।’
সোমবার দেওয়া বিবৃতিতে সোনিয়া জানিয়েছেন, অসহায় অভিবাসী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরার ভাড়ার টাকা জোগাবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি। এর জন্য সরকারের মুখাপেক্ষী হতে হবে না শ্রমিকদের। সোনিয়া বলছেন,’এটা সহ-নাগরিকদের প্রতি কংগ্রেসের কর্তব্য। আমরা ওদের প্রতি সহানুভুতি জানাই। শ্রমিকরাই এই দেশের মেরুদণ্ড। তাদের পরিশ্রম আর আত্মত্যাগই দেশ নির্মাণের ভিত্তি। ১৯৪৭ দেশভাগের পর কোনওদিন শ্রমিকদের এভাবে দুর্দশায় পড়তে হয়নি।’