ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ১০ মে রবিবার বেলা পৌনে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, শনাক্ত বা আক্রান্তদের মধ্যে দুই হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন হাজার ৩২০ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পাশাপাশি লোকজনের ক্রমশ সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা অন্তত ১৭ হাজার ৮৪৭।

গত রবিবার সুস্থ হওয়ার হার ছিল ২৬ দশমিক ৫৯ শতাংশ। সেখানে গতকাল শনিবার সুস্থ হওয়ার হার বেড়ে ২৯ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

শুক্রবার এনডিটিভি-র সঙ্গে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক বিশেষ দূত ড. ডেভিড ন্যাবারো। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতে আগামী জুলাই মাসের শেষ দিকে এ ভাইরাস আরও প্রবল মহামারীর রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রতিনিধির মতে, ভারতে জারি করা বিদ্যমান লকডাউন উঠে গেলেই করোনা সংক্রমণের সংখ্যা আরও দ্রুত হারে বাড়বে। তবে এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই।

ড. ডেভিড ন্যাবারো বলেন, ‘লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে খুব দ্রুত হারে ওই রোগের সংক্রমণ ছড়াচ্ছে। অর্থাৎ, দেশের সব জায়গাতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে। আমি নিশ্চিত যে আগামী জুলাই মাসের শেষের দিকে গোটা দেশে করোনা সংক্রমণের মাত্রা শিখরে পৌঁছবে। তবে তারপর থেকে আশা করা হচ্ছে পরিস্থিতি ভালোর দিকে ঘুরবে।’