বাংলাদেশকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবেশের সময় গত সপ্তাহে ২৭০ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশকে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার তিনি এসব কথা জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।noname

মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকার না করলেও ২০১৭ সালে মিয়ানমারে সেনা নিপীড়নের শিকার হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গার গন্তব্য হয়ে ওঠে দেশটি। ওই নিপীড়নের সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকেই মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে থাকে। তবে করোনাভাইরাস ঠেকাতে মরিয়া মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে আর কোনও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের জানা উচিত, তারা এখানে আসলেও থাকতে পারবে না।’ তিনি জানান, ‘যদি জানা যায় আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।’

গত সোমবার মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি ক্ষতিগ্রস্থ নৌকা থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ইসমাইল সাবরি বলেন আটক করা এসব রোহিঙ্গাদের ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করবে মালয়েশিয়া। এছাড়া রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-কে বলা হবে বলেও জানান মালয়েশীয় মন্ত্রী।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গাদের দায় মিয়ানমারের। তিনি বলেন, 'তারা কেন মিয়ানমারকেই ফিরিয়ে নিতে বলছে না? দ্বিতীয়ত, তারা যেখানে পৌঁছে গেছে সেই দেশের দায়িত্ব। বাংলাদেশের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।'