ফিলিপাইনের বিতর্কিত ‘সাইবার লাইবেল’ তথা ‘সাইবার অপবাদ’ আইনের আওতায় সেদেশের সাংবাদিক মারিয়া রেসা ও তার প্রাক্তন সহকর্মী রে সান্তোসকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন সরকারের কট্টর সমালোচক রেসা। গণমা্ধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা মানুষরাও মনে করছেন, দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে বিবাদের কারণেই তাকে এ সাজা দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিউজ ওয়েবসাইট র্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে আট বছর আগে এক প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগ আনা হয়। ওই প্রতিবেদনে ফিলিপাইনের শীর্ষ আদালতের সাবেক এক বিচারকের সঙ্গে ব্যবসায়ী উইলফ্রেদো কেং এর সম্পর্ক থাকার অভিযোগ তোলা হয়। সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়৷
ওই প্রতিবেদন প্রকাশের চার মাসের মাথায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে কার্যকর করা হয় ‘সাইবার- লাইবেল’ আইন। বিতর্কিত এই আইনে ২০১৭ রেসা ও প্রতিবেদক রে সান্তোসের বিরুদ্ধে মামলা করেন কেং৷ যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ । ২০১৮ সালের মার্চ মাসে এই মামলার তদন্ত শুরু হয়। গত বছর মানহানির অভিযোগে গ্রেফতার হওয়ার একদিন পরে জামিনে মুক্ত হন মারিয়া।
সোমবার (১৫ জুন) রায়ে বিচারপতি বলেন, মারিয়া নিজেকে নির্দোষ প্রমাণের জন্য উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন এ সাংবাদিক।
উল্লেখ্য, ২০১২ সালে র্যাপলার প্রতিষ্ঠা করেন মারিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচনা করা অল্প কয়েকটি সংবাদমাধ্যমের একটি র্যাপলার। তবে তাদের বিরুদ্ধে ’ভুয়া সংবাদ’ প্রকাশের অভিযোগ করে থাকে রদ্রিগো সরকার।