এক পাক্ষিক পদক্ষেপ নেবেন না, সমস্যা বাড়াবেন না: ভারতকে চীন

লাদাখের গালওয়ানের উপত্যকায় ভারতের এক কর্নেল ও দুই সেনা সদস্য নিহত হওয়ার পর দিল্লিকে সতর্ক করে দিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারতকে এক পাক্ষিকভাবে কোনও পদক্ষেপ না নিতে বলা হয়েছে। এতে সমস্যা বাড়বে বলেও জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।উত্তেজনা নিরসনে আলোচনা শুরু করেছে ভারত ও চীনের সেনা প্রতিনিধিরা

ভারতীয় সেনাবাহিনীর এক সংশোধিত বিবৃতিতে বলা হয়েছে লাদাখের উত্তেজনায় দুই দেশের সেনা সদস্যরাই হতাহত হয়েছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে নিহত সেনা সদস্যরা কেউ গুলিতে মারা যায়নি। পাথর ও লাঠির আঘাতে তাদের মৃত্যু হয়েছে। উত্তেজনা নিরসনে উভয় দেশের সেনা প্রতিনিধিরা আলোচনা শুরু করেছে।

বেইজিংয়ের অভিযোগ ভারতীয় সেনারা তাদের সীমানায় ঢুকে পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন সোমবার দুইবার ভারতীয় সেনারা তাদের সীমানায় প্রবেশ করে উসকানি দেয় এবং চীনা সেনাদের ওপর হামলা চালায়। আর এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক শারিরীক সংঘাত শুরু হয়। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত অতিক্রম করবেন না, সমস্যায় উসকানি দেবেন না, এক পাক্ষিক পদক্ষেপ নিয়ে সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবেন না।’

গত মাসের শুরুর দিক থেকে প্যানগং (পূর্ব লাদাখ) এবং নাকু লা (সিকিমের) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর আসতে থাকে। সে থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। তখন থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর প্রচুর সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। তবে গত সপ্তাহে উভয় দেশের তরফ থেকে উত্তেজনা নিরসনে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়। এর মধ্যে সোমবার রাতে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেলো।