বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, ৩৫ লাখ ৩ হাজার ২৮৯ জনের শরীরে ভাইরাসটি এখনও সক্রিয় অবস্থায় রয়েছে। এদের মধ্যে ৩৪ লাখ ৪২ হাজার ১৭৩ জন মৃদু লক্ষণ নিয়ে শনাক্ত হয়েছে। বাকি দুই শতাংশ বা ৫৪ হাজার ৫৯৪ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার দুনিয়াজুড়ে ভাইরাসটিতে দৈনিক আক্রান্তের পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী এদিন করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ লাখ ৫১ হাজার ২২৪। এর মধ্যে ৯৮ শতাংশই হালকা লক্ষণ নিয়ে শনাক্ত হয়েছে।
সোমবার আক্রান্তের পরিমাণ ছিল এক লাখ ২৪ হাজার ৬০০ জন। আগের দিনের চেয়ে মঙ্গলবার আক্রান্ত বেড়েছে ১৭ হাজার ৯৫৭। এক সপ্তাহ আগে গত ৯ জুন একদিনে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২১ হাজার ১১৮ আর। তারও এক সপ্তাহ আগে ২ জুন এই পরিমাণ ছিল এক লাখ ১৫ হাজার ৭০৫ জন।
এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছে ৪৩ লাখ ২১ হাজার ৪৯৮ জন। ২০১৯ সালে ডিসেম্বরে সংক্রমণ শুরুর পর এই মহামারিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চার লাখ ৪৬ হাজার ১৩৫ জন।
গত জানুয়ারিতে চীন উহান শহর কার্যকরভাবে বন্ধ করে দেয়। আর প্রাদুর্ভাব শুরুর পর শহরটির ১১ লাখ বাসিন্দাকে কার্যত বিচ্ছিন্ন করে রাখে। ধারণা করা হয় উহানের একটি অবৈধ বণ্যপ্রাণীর বাজার থেকে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এটি নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগের কারণ। ভাইরাসটি অন্যান্য মাধ্যমের পাশাপাশি মানুষের হাঁচি-কাশির মাধ্যমেও ছড়াতে পারে।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
ইউরোপ
নাগরিকদের নতুন একটি স্মার্টফোন অ্যাপস ডাউনলোডের আহ্বান জানিয়েছে জার্মানি। এর মাধ্যমে সংক্রমণ শৃঙ্খল ভেঙে দেওয়া যাবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ। ইউরোপের অন্য দেশগুলোও একই ধরনের অ্যাপস ব্যবহারের মাধ্যমে নিরাপদে ভ্রমণ ও পর্যটন শুরুর কথা ভাবছে।
দুই মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো যাদুঘর ও গ্রীষ্মকালীন অবকাশে বের হওয়ার সুযোগ পাচ্ছেন মস্কোর বাসিন্দারা। দৈনিক এক হাজার করে আক্রান্ত শনাক্ত হওয়ার পরও দেশটির রাজধানী আবার সচল হচ্ছে।
ফ্রান্সে মঙ্গলবার নতুন করে ১১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৭ জনে।
আমেরিকা
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ছয়টিরও বেশি অঙ্গরাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে ওরেগনের একটি চার্চ থেকে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবও রয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা কানাডা ও মেক্সিকোর স্থল বন্দরগুলোতে বিদ্যমান অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারে।
কানাডার যেসব প্রতিষ্ঠানে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কর্মী সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেই সেখানে অস্থায়ী কর্মী পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছে মেক্সিকোর শ্রম মন্ত্রণালয়।
এশিয়া-প্যাসিফিক
বেইজিংয়ে নতুন সংক্রমণ শুরুর পর তা অন্য প্রদেশ ও শহরগুলোতে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর লকডাউন ঘোষণা করেছে চীন।
ভারতে সাড়ে দশ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মর্ডানার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সাফল্য পেলে তা কেনার জন্য এই চুক্তি হয়েছে।
নতুন প্রাদুর্ভাব পর্যালোচনার পর প্রার্থনাস্থল আবারও খুলে দেওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছে নাইজেরিয়ার বাণিজ্যিক অঞ্চল লাগোসের রাজ্য সরকার।