ভারতে বাংলাদেশি যুবকের মানবিকতা

India__Bangladeshi Youngভারতে বাংলাদেশের এক যুবকের মানবিক উদ্যোগের খবর উঠে এলো কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায়। রেল স্টেশনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক বয়স্ক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় সংবাদমাধ্যমের নজরে আসেন তিনি।
বুধবার রানাঘাট স্টেশনে চলন্ত ট্রেনের হাতল ধরে প্ল্যাটফর্মের উপরে ছুটছিলেন এক প্রৌঢ়। কিন্তু তাল রাখতে না পেরে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। দৃশ্যটা সহ্য করতে না পেরে চোখ বুজে ফেলেছিলেন স্টেশনের অনেকেই। তাঁদের মধ্যেই ছিলেন বাংলাদেশের বাসিন্দা বিজয়কৃষ্ণ বিশ্বাস। চোখ খুলে দেখেন,  রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সেই প্রৌঢ়। কেউ তাঁকে তুলতেও এগিয়ে যাচ্ছেন না।
বিস্ময়ের ঘোরটা কাটতেই বিজয়কৃষ্ণ ছুটে যান সে দিকে। ওই প্রৌঢ়কে পাঁজাকোলা করে তুলে তিনি নিয়ে যাচ্ছিলেন স্টেশনের বাইরে। ততক্ষণে চলে আসে রেলপুলিশ। একটা স্ট্রেচার নিয়ে আসা হয়। বিজয়কৃষ্ণই এগিয়ে আসনে আবার। ভিড়ের ভিতর থেকে এগিয়ে এলেন আরও এক জন। দু’জনে মিলে ধরাধরি করে ওই আহত ব্যক্তিকে তোলেন স্ট্রেচারে।
স্ট্রেচার থেকে যখন ওই বয়স্ক ব্যক্তিকে জিআরপি কর্মীদের আনা ভ্যানে তোলা হয়; তখন ভ্যানে আর কেউই ছিলেন না। তার উপরে ওই বয়স্ক ব্যক্তি চেপে ধরে রাখেন বিজয়কৃষ্ণের হাত। তখন রানাঘাট হাসপাতালে পৌঁছে বিজয়কৃষ্ণই ওই প্রৌঢ়কে ভর্তি করান। তাঁর বাড়িতেও খবর দেন।
ওই ব্যক্তির নাম পদ্মভূষণ ভট্টাচার্য। তাঁর স্ত্রী সান্ত্বনাদেবী আনন্দবাজারকে বলেন, ‘‘বিজয়কৃষ্ণবাবু না থাকলে কী যে হত, ভেবে শিউরে উঠছি। উনি আমাদের পুরো সংসারটাকেই বাঁচিয়ে দিলেন।’’
উল্লেখ্য, বিজয়কৃষ্ণ তার এক আত্মীয়ের চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গেছেন। 

/বিএ/