মোদির সম্পাদিত ছবি প্রকাশ করে বিপাকে ভারতের পিআইবি

PIBহেলিকপ্টারে করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেছেন চেন্নাইয়ের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে। আর এ সংক্রান্ত একটি ছবিকে সম্পাদনা করে টুইট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে হাসি তামাশা, ব্যঙ্গ বিদ্রুপ এবং ক্ষোভ জানাচ্ছেন। কেউ কেউ আবার নিজেরাই মোদির সঙ্গে বন্যা দুর্গত এলাকার ছবি সম্পাদনা করে তা পোস্ট করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার হেলিকপ্টারে করে তামিল নাড়ুর চেন্নাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মোদি। নিজের টুইটার অ্যাকাউন্টে সেসময়কার একটি ছবিও পোস্ট করেন তিনি। শুরুতে মোদির টুইট করা সেই ছবি হুবহু টুইট করে পিআইবি। ওই ছবিতে দেখা যায়, মোদি হেলিকপ্টারের জানালা দিয়ে তাকিয়ে আছেন আর জানালার ওপাশে পানি আর তাতে আংশিক নিমজ্জিত ঘরবাড়ি ও ভবন দেখা যাচ্ছে।
কয়েক ঘণ্টা পর একই ছবি সম্পাদনা করে আবারও টুইট করে পিআইবি। তবে মজার ব্যাপার হল পরের ছবিটিতে জানালায় অনেক বেশি স্বচ্ছ ও বন্যার ভিন্ন একটি দৃশ্য সম্পাদনা করে জুড়ে দেয়া হয়েছে।

PIB 4

দ্বিতীয় এ টুইটটি পরে সরিয়ে নেয়া হলেও তার আগেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করেনি পিআইবি।

অনেকে ছবিটি সরিয়ে নেয়াকে খানিক স্বস্তির চোখে দেখলেও কেউ কেউ একে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে অযৌক্তিক আচরণ বলে মনে করছে। আবার কেউ কেউ নিজেরাই মোদির ছবি সম্পাদনা ও শেয়ার করে হাস্যরস করছেন।

PIB 2

ভয়াবহভাবে সম্পাদনা করে ছাড়া ছবির কারণে বেকায়দায় পড়ার অভিজ্ঞতা মোদির জন্য এটাই প্রথম নয়। গত বছর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টিভিতে তার বক্তব্য শুনছেন, এমন একটি ভুয়া ছবি ছড়িয়ে পড়েছিল।

PIB 3

পরে জানা যায়, মোদির এক সমর্থক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ছবিটি পোস্ট করেছিলেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/