দিল্লিতে পৃথক দিনে চলবে জোড়-বেজোড় নম্বরের গাড়ি

traffic-mদিল্লি সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে ভারতের রাজধানীর রাজপথে বেজোড় সংখ্যার গাড়িগুলো চলবে সোমবার, বুধবার ও শুক্রবার। আর জোড় সংখ্যার গাড়িগুলো চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
রবিবার এক প্রতিবেদনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মূলত দূষণ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই নিয়ম শুধু প্রাইভেট গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাবলিক পরিবহনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, দূষণ নিয়ে দিল্লির আদালতের কটাক্ষের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে দূষণ নিয়ে শুনানির সময় হাইকোর্ট কটাক্ষ করে বলে, দিল্লির এখন এমনই অবস্থা যেন এটি গ্যাস চেম্বারে রয়েছে। এরপরই যান নিয়ন্ত্রণের কথা ভেবে জোড় ও বেজোড় নম্বর প্লেটের গাড়ির জন্য আলাদা দিন নির্ধারণ করে কেজরিওয়াল সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য শনিবার বলেছেন, এটা সাময়িক। সমস্যা মনে হলে ১০ থেকে ১৫ দিন পর সরকার এ প্রক্রিয়া বন্ধ করে দেবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/বিএ/