করোনাভাইরাসের মহামারির কারণে এবারের বার্ষিক অমরনাথ যাত্রা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সংক্রমণ বৃদ্ধিকে কারণ দেখিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এই বার্ষিক তীর্থযাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে জম্মু ও কাশ্মির কর্তৃপক্ষ। প্রতিবছর দু্ই মাস ধরে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী এই তীর্থ যাত্রায় হিমালয়ের গুহায় অবস্থিত একটি মন্দির পরিদর্শন করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত কেন্দ্রশাসিত এ অঞ্চলে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২৬৩ জনের। এমন পরিস্থিতিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত অঞ্চলটির সব প্রার্থনাস্থলও বন্ধ রাখা হয়েছে।
অমরনাথ মন্দির বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তীর্থযাত্রীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধির উদ্বেগ থেকে এ বছরের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুসারীদের জন্য মন্দির যাবতীয় আচার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
এনিয়ে দ্বিতীয় বারের মতো অমরনাথের তীর্থযাত্রায় বাধা পড়লো। গত বছর কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর মাঝপথেই এই যাত্রা বাতিল করে অনুসারীদের ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
২০১৭ সালে অমরনাথ মন্দির পরিদর্শন শেষে ফিরে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে চালানো হামলায় ৬ নারীসহ মোট সাত জন নিহত হয়।