স্যাটেলাইট পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিভ্রান্তি ছড়াচ্ছে: রাশিয়া

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তরফে অভিযোগ তোলা হয়েছে, মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে এই অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি গত ১৫ জুলাই চালানো পরীক্ষা অন্য মহাকাশযানের জন্য কোনও হুমকি তৈরি করেনি এমনকি তাতে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত ১৫ জুলাই পরীক্ষার পর মস্কোর তরফে দাবি করা হয়, রুশ মহাকাশ সরঞ্জামের কার্যক্ষমতা পরীক্ষা করতে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছে। তবে ওই স্যাটেলাইট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ বলেন, রাশিয়া যেভাবে অস্ত্রের বৈশিষ্ট্য সম্বলিত স্যাটেলাইট পরীক্ষা চালিয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয় ‘কক্ষপথে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র হতে পারে’ রাশিয়ার এমন প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করছে তারা।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি পরিদর্শক স্যাটেলাইটের মাধ্যমে তাদের দেশ স্বল্প দূরত্ব থেকে রাশিয়ান মহাকাশযানের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা কিংবা মূলনীতির কোনও কিছুই ভঙ্গ হয়নি বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মহাকাশে অস্ত্র মোতায়েনে নিজেদের পদক্ষেপের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে এবং এতে অর্থায়ন অর্জন করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে। রাশিয়ার মহাকাশ কার্যক্রমকে হেয় প্রতিপন্ন করতে ওয়াশিংটনের তথ্য প্রচারণার অংশ হিসেবেই এই রুশ বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় ওই বিবৃতিতে।