আগের চেয়ে ভালো আছেন বাবা: অভিজিৎ মুখোপাধ্যায়

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। রবিবার (১৬ আগস্ট) এক টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, তার বাবার গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণব এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রণব

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

রবিবার (১৬ আগস্ট) টুইটার পোস্টে অভিজিত্‍‌ লিখেছেন, 'গতকাল বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈশ্বরের কৃপায় ও আপনাদের শুভ কামনায় তিনি এখন আগের থেকে অনেকটা ভালো আছেন এবং স্থিতিশীল রয়েছেন। সব ভাইটাল প্যারামিটার স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমাদের দৃঢ়বিশ্বাস তিনি খুব শিগগিরই আমাদের কাছে ফিরে আসবেন। ধন্যবাদ।'

এদিকে রবিবার আর্মি হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত আছে। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। হাসপাতালের তরফে আরও জানানো হয়, ‘তার ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাকে পর্যবেক্ষণে রেখেছেন।'

এর আগে শনিবার প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় গত বছরের স্বাধীনতা দিবসের স্মৃতিচারণ করে বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'শৈশবে বাবা আর কাকা মিলে আমাদের পৈতৃক গ্রামে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করতেন। সেই তখন থেকে কোনও বছর স্বাধীনতা দিবস বাদ যায়নি যে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেননি। গত বছর বাড়িতে সেলিব্রেশনের কিছু স্মৃতি শেয়ার করছি। সামনের বছরও তিনি এগুলো আবার করবেন এ বিষয়ে আমি নিশ্চিত। জয় হিন্দ।'