বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি সরকারি টেলিভিশন কর্মীদের সমর্থন

বেলারুশে চলা তুমুল সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছেন দেশটির সরকারি টেলিভিশনের কর্মীরা। বিক্ষোভকারীদের ডাকা ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে কর্মস্থল থেকে বেরিয়ে এসেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

1

প্রায় ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট লুকাশেনকো।সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। বেশ কিছুদিন ধরেই তার সরকারের বিরুদ্ধে বেলারুশে চলছে তুমুল বিক্ষোভ। লুকাশেনকোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জোর করে ক্ষমতা ধরে রাখা ও বিরোধীদের নির্মূলের অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা। আর তাদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে পুলিশি হেফাজতে মারা গেছেন ২ জন বিক্ষোভকারী। আটক হয়েছে ৬ হাজারের বেশি বিক্ষোভকারী। দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধীদলীয় নেত্রী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের সমর্থনে রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মীরা কাজ ছেড়ে রাস্তায় বের হয়ে আসায় নতুন কোনও অনুষ্ঠান প্রচার করা যাচ্ছে না। টেলিভিশনটি সবকিছু পুনঃপ্রচার করে যাচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) এক লাখের মতো বিক্ষোভকারী মিনস্কের রাস্তায় মিছিল করেছে। বিক্ষোভ করতে করতে ইন্ডিপেনডেন্ট স্কয়ারের দিকে এগিয়ে যায় তারা। বেলারুশের সংবাদমাধ্যম টুট-এর প্রতিবেদনে এ মিছিলকে দেশের ইতিহাসের দীর্ঘতম মিছিল বলে উল্লেখ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল ফুল আর বেলুন। তাদেরকে বিজয় চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘রক্তের দাগ ধুয়ে ফেলা যাবে না’ ‘নিপীড়ন আর মৃত্যুর জন্য লুকাশেনকোকে জবাব দিতে হবে’।

বেলারুশের অন্য বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ হতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে রাষ্ট্র পরিচালিত সার কারখানা, পরিবহন কারখানা ও তেল শোধনাগারসহ বিভিন্ন কারখানা থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসেন শ্রমিকরা।