মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। নতুন করে তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। দিল্লির আর্মি হাসপাতালকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব। গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
বুধবার (১৯ আগস্ট) প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, শারীরিক অবস্থা খুব ভালো না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। কিন্তু বেলা বাড়তেই হাসপাতালের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা গিয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’
হাসপাতালের বিবৃতির কয়েক ঘণ্টা আগে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইটার পোস্টে বলেছিলেন, 'আপনাদের সকলের শুভকামনা এবং চিকিৎসকদের চেষ্টায় আমার বাবা এখন স্থিতিশীল আছেন। যাবতীয় গুরুত্বপূর্ণ শারীরিক মানদণ্ড নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থায় উন্নতির ইতিবাচক লক্ষণ দেখা গিয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য আপনাদের সকলকে প্রার্থনা করার আর্জি জানাচ্ছি।'