থাই রাজতন্ত্রের সমালোচনাকারী গ্রুপ নিষিদ্ধ করলো ফেসবুক

থাইল্যান্ডের রাজতন্ত্র নিয়ে আলোচনাকারী লাখ লাখ সদস্যের একটি গ্রুপকে নিষিদ্ধ করেছে ফেসবুক। থাই সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর দেশটি থেকে আর কোনও সদস্যকে ওই গ্রুপে প্রবেশ করতে দেবে না সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে থাই সরকারের চাপ মোকাবিলায় নিজেরাও আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।থাইল্যান্ডের বর্তমান রাজা মাহা ভাজিলংকর্ন

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা বেআইনি। সম্প্রতি দেশটিতে রাজতন্ত্র সংস্কারের দাবিতে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। অভূতপূর্ব এই সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছে দেশটির লাখ লাখ তরুণ। রাজপথে এই বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে রাজতন্ত্রের কঠোর সমালোচনা।

এমন প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যা থেকে ‘রয়ালিস্ট মার্কেটপ্লেস’ নামের একটি গ্রুপে থাইল্যান্ডে থেকে প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে থাইল্যান্ডের বাইরে থেকে এখনও গ্রুপটিতে প্রবেশ করা যাচ্ছে। গ্রুপটির জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে এর অ্যাডমিন পাভিন চাচাভালপোংপুন জানিয়েছেন এটির মোট সদস্য সংখ্যা দশ লাখেরও বেশি।

গ্রুপটির অ্যাডমিন জানান এটি রাজতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার প্লাটফর্ম হয়ে উঠেছে। এতে থাই নাগরিকেরা রাজতন্ত্র নিয়ে স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে। গ্রুপটির সমালোচনার বিস্তৃতি রাজনৈতিক প্রক্রিয়ায় রাজতন্ত্রের হস্তক্ষেপ থেকে শুরু করে সামরিক বাহিনীতে রাজার ক্ষমতা সংহত করা পর্যন্ত।

বর্তমানে জাপানে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন অ্যাকাডেমিক পাভিন চাচাভালপোংপুন। সোমবার সন্ধ্যায় ‘রয়ালিস্ট মার্কেটপ্লেস’ গ্রুপটি বন্ধ হয়ে যাওয়ার পর ওই রাতেই তিনি নতুন একটি ফেসবুক গ্রুপ চালু করেন তিনি। এক রাতেই এই নতুন গ্রুপটির সদস্য সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে।