ভূমধ্যসাগরে অনুসন্ধান সম্প্রসারণ তুরস্কের, ক্ষুব্ধ গ্রিস

পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় গ্যাস অনুসন্ধানের সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে তুরস্ক। সোমবার রাতে এই ঘোষণা দিয়েছে দেশটি। তবে এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এই অনুসন্ধানকে বেআইনি বলে বিবেচনা করছে গ্রিস। তুর্কি ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওই অঞ্চলে নৌ-মহড়া চালানোর ঘোষণা দেয় এথেন্স। সোমবার অরুচ রেইসের অনুসন্ধান শেষ হওয়ার কথা থাকলেও সেদিনই এর সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় আঙ্কারা।

এর আগে সোমবার উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনও একপাক্ষিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায় তারা। তারপরও ওই অঞ্চলে অনুসন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় তুরস্ক।

এর প্রতিক্রিয়ায় গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তুরস্ক আলোচনার আহ্বান উপেক্ষা এবং উসকানি বাড়ানো অব্যাহত রেখেছে। গ্রিস হুমকির শিকার হতে থাকবে না।’ ওই বিবৃতিতে বলা হয়, গ্রিস আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক আইনের ভিত্তিতে এ অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে সামুদ্রিক চুক্তি চাওয়া অব্যাহত রাখবে।

এর আগে গত শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, তাদের অনুসন্ধানকারী জাহাজ অরুচ রেইস আগামী ৯০ দিন ধরে অনুসন্ধান কাজ অব্যাহত রাখবে আর ধীরে ধীরে সেটি তুরস্কের আনতালিয়া প্রদেশের দিকে এগোতে থাকবে।