প্রণবের মৃত্যু দিল্লি-বেইজিং বন্ধুত্বের জন্য বড় ক্ষতি: চীন

ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চীন। তার মৃত্যুকে চীন-ভারত বন্ধুত্বের জন্য বিরাট ক্ষতি বলে উল্লেখ করেছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনইয়ং প্রণবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

প্রণব মুখোপাধ্যায়

সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায়। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (৩১ আগস্ট) তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনইয়ং এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের এক প্রভাবশালী রাষ্ট্রনায়ক। ৫০ বছরের রাজনৈতিক জীবনে চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে তিনি ইতিবাচক অবদান রেখেছিলেন।’

চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, ২০১৪ সালের ভারত সফরে এসে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাক্ষাতের পর যৌথ বিবৃতিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছিল। হুয়া বলেন, ‘প্রণবের মৃত্যু চীন-ভারত বন্ধুত্বের ক্ষেত্রে এবং ভারতের জন্য বড় ক্ষতি। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং ভারত সরকার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’