চীনে সন্ধান মিললো নিখোঁজ পাঁচ ভারতীয় তরুণের

পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্য অরুণাচল থেকে নিখোঁজ হওয়া পাঁচ ভারতীয় তরুণের সন্ধান মিলেছে। তারা এখন চীনের হেফাজতে আছেন। ভারতীয় সেনাবাহিনী হটলাইনে যোগাযোগ করার পর চীনা সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

প্রতীকী ছবি

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন তরুণ৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চীনা সেনারা তাঁদের মধ্য থেকে পাঁচ জনকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে৷ ওই তরুণদের সঙ্গে থাকা আরও দুই জন কোনোক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনার কথা পুলিশকে জানান৷ এরপরই ভারতীয় সেনার তরফে হটলাইনে চীনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়৷

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এক টুইটার পোস্টে বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীর পাঠানো হটলাইন মেসেজের জবাব দিয়েছে চীনের পিএলএ (সেনাবাহিনী)। তারা নিশ্চিত করেছে অরুণাচল থেকে নিখোঁজ হওয়া তরুণরা তাদের হেফাজতে আছে।’ রেজিজু আরও জানান, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে কীভাবে ওই তরুণদের ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে৷

গত কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তেজনা নিরসনে সম্মতিতে পৌঁছেছে দুই দেশ। আবার এর দুই দিনের মাথায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে চীনা সেনাবাহিনীর এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারতীয় সেনারা অবৈধভাবে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে প্যাংগং লেকের দক্ষিণ তীর এবং শেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে। অভিযোগ নাকচ করে ভারত পাল্টা দাবি করেছে, চীনা সেনারাই ফাঁকা গুলি ছুড়েছে। অরুণাচল প্রদেশ নিয়েও চীন-ভারতের মধ্যে বিবাদ রয়েছে।