সংঘাতপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে অস্ত্রবিরতির জন্য রাশিয়ার মধ্যস্থতায় আলোচনা করতে সম্মতি জানিয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। মস্কোতে এ আলোচনা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ অক্টোবর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে নতুন করে আবার শুরু হয়েছে। গত কয়েক দিনের সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। শুরু থেকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলে দুই পক্ষই তা প্রত্যাখ্যান করে আসছিল।
এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের নেতাকে সীমিত পরিসরে অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে সীমিত সময়ের জন্য হলেও লড়াই বন্ধ থাকবে এবং দুই পক্ষ যুদ্ধক্ষেত্র থেকে মরদেহগুলো উদ্ধার করে নিতে পারবে। তাছাড়া ওই সময়ের মধ্যে বন্দিবিনিময়ও হতে পারে।
আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে মস্কোতে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান পুতিন। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন, দুই পক্ষই আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে।