সীমান্ত এলাকায় ভারী সাঁজোয়া যান চলাচলের উপযোগী নতুন ৪৪টি সেতু উদ্বোধন করেছে ভারত। সোমবার (১২ অক্টোবর) সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়ালি সেতুগুলো উদ্বোধন করেন। চীন ও পাকিস্তান সীমান্তে গোলযোগ তৈরি করছে উল্লেখ করে এদিন প্রতিবেশী দুই দেশের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার রাজনাথ সিং যে ৪৪টি সেতু উদ্বোধন করেছেন সেগুলোর অবস্থান জম্মু-কাশ্মির, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব সীমান্তে। শুধু লাদাখেই তৈরি হয়েছে ৭টি সেতু। এর ফলে সীমান্ত এলাকায় খুব দ্রুত সেনা ও যুদ্ধ সরঞ্জাম পৌঁছে দেওয়া যাবে বলে আশা করছে ভারত সরকার।
রাজনাথ এদিন বলেন, ‘আমাদের সেনারা সীমান্তের এমন সব জায়গায় মোতায়েন রয়েছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। তাই সেসব জায়গায় রাস্তা ও সেতু তৈরি করা হচ্ছে। ওইসব সেতু শুধু সেনাদের কাজেই আসবে না; বরং তা এলাকার মানুষেরও কাজে লাগবে।’
পাকিস্তান ও চীন প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ। বলেন, ‘সবাই জানেন দেশের উত্তর ও পশ্চিম সীমান্তের পরিস্থিতি কেমন। প্রথমে পাকিস্তান ছিল আর এখন চীনও একই আচরণ করছে। দেখে মনে হচ্ছে যেন, কোনও মিশনের অধীনে সীমান্তে গোলমাল পাকানো হচ্ছে। ওইসব দেশের সঙ্গে ভারতের সীমান্ত ৭ হাজার কিলোমিটার দীর্ঘ। সব জায়গায় উত্তেজনা রয়েছে। ওইসব সমস্যা মোকাবিলায় ভারত শুধু সাহসের সঙ্গে লড়াই করছে না; বরং বেশ কিছু ঐতিহাসিক বদলও করছে।’