ভিয়েনায় হামলার ঘটনায় নিহত বেড়ে ৪, গ্রেফতার ২

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীর হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এরইমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুইটি স্থাপনায় তল্লাশিও চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

cf1ba04c-3cec-47ec-a0e6-481194313697

সোমবার ভিয়েনার ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় বন্দুকধারীর হামলা হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রিয়ায় নতুন করে বিধিনিষেধ শুরুর কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটে। ওই সময় বহু মানুষ ভিয়েনার বার ও রেস্তোরাঁগুলোতে ভিড় করেছিলেন, কারণ পুরো নভেম্বর মাস সেগুলো আর খুলবে না।

মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছিল হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। পরে জাতীয় সংবাদমাধ্যম ওআরএফ-এর প্রতিবেদনে বলা হয়, ওই হামলার ঘটনায় আহত আরেক নারীর মৃত্যু হয়েছে।  

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহাম্মের জানিয়েছেন সোমবার রাতে পুলিশের অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে। তার পরনের ভুয়া এক্সপ্লোসিভ বেল্ট ছিল। কর্তৃপক্ষের দাবি, ওই হামলাকারী জঙ্গি সংগঠন আইএস-এর অনুসারী ছিল। তার সঙ্গে আরও বন্দুকধারী ছিল বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজনদের খুঁজতে তল্লাশি অভিযানে নামে তারা। পরে সেন্ট পোয়েল্টেন শহরের কাছ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

সোমবার ভিয়েনায় ইহুদিদের প্রধান প্রার্থনাকেন্দ্রের কাছে প্রথম হামলাটি হলেও এর লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।