জম্মু-কাশ্মিরে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’, সেনা সদস্যসহ সাত জন নিহত

জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চলার সময় নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ সাত জন নিহত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এই প্রাণহানি হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় সেনাবাহিনীর টহল দল তাদের প্রতিরোধ করে এবং তাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, '‌মাচিল সেক্টরের (‌উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনাদের পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস চোখে পড়ে। ৭-৮ নভেম্বর রাত একটার সময় এটি হয়েছে।’‌

ভোর চারটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে এক সন্দেহভাজন জঙ্গি ও এক বিএসএফ কনস্টেবল নিহত হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে নতুন সংঘর্ষ শুরু হলে এক সেনা কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হন। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্দেহভাজন সন্ত্রাসীও নিহত হয়। অভিযান অব্যাহত আছে।