বিরল এক ধরনের তিমি খুঁজতে গিয়ে মেক্সিকো উপকূলের কাছে নতুন প্রজাতির তিমির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। আবাসস্থলেই তাদের আবিষ্কার করা গেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, প্রত্যাশা না করেও এমন প্রাপ্তির কারণে মেক্সিকোর স্যান বেনিটো দ্বীপে আগামী বছর আবার যাওয়ার পরিকল্পনা করছেন সমুদ্র বিজ্ঞানীরা। হঠাৎ নতুন প্রজাতির তিমিগুলো দেখা গেছে সেখানে।
গত ১৭ নভেম্বর শেফার্ড কনজারভেশন সোসাইটির হয়ে বিরল প্রজাতির পেরিন্স তিমি খুঁজতে ওই দ্বীপের কাছে গিয়েছিলেন বিজ্ঞানীরা। এই ধরনের তিমি আগে কখনও জীবিত অবস্থায় দেখা যায়নি। এতোদিন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে মারা যাওয়া তিমির দেহ ভেসে উঠলেই শুধু এটি দেখা যেতো।
সেই তিমির দেখা অবশ্য এবারও পাওয়া যায়নি। তবে যা পেয়েছেন তাতে ড. জে বার্লো খুব খুশি। তার ভাষায়, ‘আমরা নতুন কিছুর দেখা পেয়েছি। এমন কিছু, যা এ অঞ্চলে আশাই করা হয়নি। এমন কিছু যা শারীরিক বা চলাফেরার ভঙ্গিতে অন্যদের সঙ্গে মেলে না। এমন তিমির যে অস্তিত্ব আছে তা-ই জানা ছিল না।’
নতুন প্রজাতির তিমিগুলোর ঠোঁট আছে। এগুলো আকারে অন্যান্য তিমির চেয়ে ছোট। দাঁতের বিন্যাসও অন্য রকম।
মেক্সিকোর উপকূল সংলগ্ন ওই এলাকা থেকে পানি নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। তাদের আশা, সেই পানি পরীক্ষা করে নতুন প্রজাতির তিমিগুলোর আলগা খোলসের ডিএনএ পাওয়া যেতে পারে। সূত্র: ডিডব্লিউ।