সামর্থে্যর মধ্যে স্বাস্থ্য সেবা পাওয়া মৌলিক অধিকার বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই অধিকার সমুন্নত রাখা রাজে্যর দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ করোনাভাইরাস মোকাবিলাকে বিশ্ব যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিচারপতি অশোক ভুষণ, আর সুভাস রেড্ডি এবং এমআর শাহ’র সমন্বয়ে গঠিত ভারতীয় সুপ্রিম কোর্টের একটি স্বপ্রণোদিত হয়ে মহামারির সময়ে স্বাস্থ্যসেবা ইস্যুতে মন্তব্য করেন।
আদালত বলেছে, ‘স্বাস্থ্যের অধিকারের অর্থ হলো সামর্থে্যর মধ্যে চিকিৎসা পাওয়া। চিকিৎসা সামর্থে্যর মধ্যে রাখার বিধান তৈরি করা রাজ্যের দায়িত্ব।’ আদালতের আদেশে বলা হয়, ‘রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ যদি আরও বেশি বিধান তৈরি করে বেসরকারি হাসপাতালগুলোর ফি নির্ধারণ করে দেয় তাহলে তা দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনেই করা সম্ভব।’
বিচারপতিরা বলেন, ‘অভূতপূর্ব মহামারির কারণে দুনিয়ার সবাই এক ভাবে না একভাবে কষ্ট পাচ্ছে। এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বযুদ্ধ। সেকারণে সরকারি-বেসরকারি যৌথতায় কোভিড-১৯ বিরোধী বিশ্ব যুদ্ধ মোকাবিলা হওয়া উচিত।’