বাইডেনের প্রেস টিমে থাকছেন এক ভারতীয় বংশোদ্ভূত

হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন। এদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ভেদান্ত প্যাটেল যোগ দেবেন অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে। বর্তমানে বাইডেনের দায়িত্বগ্রহণ টিমের সিনিয়র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা প্যাটেল তার প্রচার শিবিরের অংশ হিসেবে আঞ্চলিক যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ভেদান্ত প্যাটেল

নিজের রানিংমেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়ে আলোড়ন তুলেছিলেন জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন কমলা। এবারে আরেক ভারতীয় বংশোদ্ভূতকে প্রেস টিমে স্থান দিলেন বাইডেন।

হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে আরও ১৬ জনের মধ্যে রয়েছেন ভেদান্ত প্যাটেল। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন ডিরেক্টর অব রিসার্চ মেগান অ্যাপার, অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি রোজম্যারি বোয়েগলিন, প্রেস অফিসের চিফ অব স্টাফ এবং প্রেস সেক্রেটারির বিশেষ সহযোগী আমান্দা ফিন্নে।

হোয়াইট হাউজের অ্যাসিসট্যান্ট  প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া ভেদান্ত প্যাটেলের জন্ম ভারতে। তার বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল।

জো বাইডেনের প্রাথমিক প্রচারে ভেদান্ত প্যাটেল নেভাদা এবং পশ্চিমাঞ্চলীয় প্রাইমারি স্টেটস কমিউনিকেশন্স ডিরেক্টর ছিলেন। তার আগে তিনি ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য প্রমিলা জয়পালের যোগাযোগ পরিচালক, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক যোগাযোগ পরিচালক এবং কংগ্রেস সদস্য মাইক হোন্দার যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেস টিমে নতুন ১৬ জনকে নিয়োগ দেওয়ার বিষয়ে জো বাইডেন বলেন, ‘আমেরিকার মানুষের সঙ্গে সততার সঙ্গে এবং সরাসরি কথা বলে সরকারের ওপর বিশ্বাস পুনঃস্থাপন করাই হবে আমার প্রশাসনের পরিচয়সূচক চিহ্ন। আমাদের কমিউনিকেশন্স ও প্রেস কর্মীরা এই উদ্যোগের সঙ্গে সমন্বিত আর সব আমেরিকানের জন্য একটি উন্নত দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসে থেকে তারা আমেরিকান জনগণের সেবা করায় আমি গর্বিত।’