ভারতের নতুন কৃষি আইনের পক্ষে সরব মোদি

ভারতে নতুন পাস হওয়া কৃষি আইন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ইন্ডাস্টি অ্যাসোসিয়েশন আসোচাম’স ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগকারী এখন ভারতে কেন-এর বদলে ভারতে কেন নয়-এমনটা ভাবতে শুরু করেছেন। তিনি দাবি করেন কৃষ আইন বদলের সুফল ইতোমধ্যে কৃষকেরা পেতে শুরু করেছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

ভারতে গত সেপ্টেম্বরে পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৪ দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। সরকার আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা।

শুক্রবার এক আলোচনায় করজোড় করে কৃষকদের আলোচনায় বসার আহ্বান জানান নরেন্দ্র মোদি। সব ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি। শনিবার অপর এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি মহামারির মধ্যে ভারতে বিদেশি বিনিয়োগ রেকর্ড পর্যায়ে পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, কৃষি আইন বদলানোর সুফল কৃষকেরা পেতে শুরু করেছেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘অতীতে এমন এক সময় ছিলো যখন বিনিয়োগকারীরা প্রশ্ন করতো ভারতে কেন (দেশটিতে কেন বিনিয়োগ করা হবে)। সংস্কারের কারণে আর তার প্রভাবে সেই অবস্থান বদলে এখন প্রশ্ন হয়েছে ভারতে কেন নয়?’ তিনি বলেন, আগে বিনিয়োগকারীরা উচ্চ করহারের দিকে ইঙ্গিত করে ভারতে কেন প্রশ্ন তুলতো, কিন্তু আজকে (কর্পোরেট) কর হার খুবই প্রতিযোগিতামূলক হওয়ায় তারা প্রশ্ন করছে ভারতে কেন নয়।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।