পশ্চিমবঙ্গে তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল পাওয়া যাবে না। শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভায় পরোক্ষভাবে এমন হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সভা থেকে তীব্র ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত। তিনি বলেন, ‘বাংলায় রাজনৈতিক সংস্কৃতি পাল্টেছে। বাংলায় ভয়ের রাজনীতি চলছে। বিজেপি ভয় পায় না। মমতাকে হারাবে বিজেপি–র বঙ্গ ইউনিট। মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ। বাংলার পরিবর্তন নিতান্ত প্রয়োজন।’
অমিত শাহ অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পান মমতা। সেই ভয়ে তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করেননি। ফলে কৃষকরা বঞ্চিত হয়েছে। তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল পাওয়া যাবে না। এটা তৃণমূলের বিদায়ের শুরু।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিদি কান খুলে শুনে রাখুন বাংলায় বিজেপি সরকার গড়বে। ২০০টির বেশি আসনে জয়লাভ করে বাংলায় বিজেপি সরকার গড়বে। বাংলার উন্নয়ন হবে। সোনার বাংলা গড়ে তোলা হবে।’
এদিন অমিত শাহের বক্তব্যের আগে শুরু হয় যোগদান পর্ব। সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। এরপর একে একে যোগ দেন সাবেক মন্ত্রী শ্যামাপদ মুখার্জিসহ এক ঝাঁক সাবেক এমপি ও আমলা। সূত্র: আজকাল।