যুদ্ধে নিহতদের স্মরণে আর্মেনিয়ায় শোক র‍্যালি, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে নিহতদের স্মরণে শনিবার আর্মেনিয়ায় শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা। এক  প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা।13

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজধানী ইয়েরেভানে আয়োজিত এই র‍্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। র‍্যালি শুরুর আগে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, পুরো জাতি এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেছে এবং এটি এখনও চলছে। তবে তার এমন বক্তব্য খুশি করতে পারেনি বিক্ষোভকারীদের। তারা তাকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেন।

একপর্যায়ে পাশিনিয়ানের যাওয়ার জন্য পথ করে দিতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে পরাজয় এবং আর্মেনীয় সেনাদের হতাহতের ঘটনায় এমনিতেই নিজ দেশে চাপের মুখে রয়েছেন নিকোল পাশিনিয়ান। বিরোধীরা বলছে, এ যুদ্ধ পরিচালনায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। শনিবারের বিক্ষোভেও বিরোধীদের এমন দাবি প্রতিফলিত হয়।

এদিকে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও এদিন নিহত সেনাদের স্মরণ করেন। নিহত সেনাদের সমাধিতে আলো প্রজ্জ্বালনের জন্য সামরিক বাহিনীর সমাধিস্থলে হাজির হন তিনি।

তিনি বলেন, কখনও কখনও মনে হয় আমাদের সব স্বপ্ন ছিন্ন হয়ে গেছে এবং আমাদের আশাবাদ নষ্ট হয়ে গেছে।

টানা ছয় সপ্তাহের সংঘর্ষের পর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে নাগোরনো- কারাবাখের আর্মেনীয় অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকি ১৯৯০ পরবর্তী সময়ে তারা যে ছয়টি জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে। এটিকে নিজেদের জয় হিসেবে দেখছে আজেরিরা। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এটি আর্মেনিয়ার জন্য বেদনাদায়ক। কিন্তু এর কোনও বিকল্প ছিল না।