ভারতে শ্মশানের ছাদ ধসে মৃত ২১

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে রবিবার একটি শ্মশানের ছাদ ধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একটি শেষকৃত্যে অংশ নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। গাজিয়াবাদ জেলা প্রশাসক অজয় ​​শঙ্কর পান্ডে এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

দুর্ঘটনায় আহতদের সবাইকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গাজিয়াবাদের মুরাদনগরে শ্মশানের ছাদ ধসের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি।

মুরাদনগর থানা এলাকার ওই শ্মশানে এক বৃদ্ধের মৃত্যুর পরে শেষকৃত্যের জন্য উপস্থিত হওয়া লোকজনের ওপর ছাদ ভেঙে পড়লে দুর্ঘটনার সূত্রপাত হয়। এতে শ্মশানের ছাদের নিচে চাপা পড়ে অনেকে হতাহত হয়। সূত্র: নিউজ ১৮।