করোনা টিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। ইইউ জানিয়েছে, আগামী মার্চ নাগাদ তাদের আরও ৯০ লাখ টিকা সরবরাহ করবে ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে গত সপ্তাহে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে আরও ৩০ শতাংশ বেশি অর্থাৎ বাড়তি ৯০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে অ্যাস্ট্রাজেনেকা।
উৎপাদন বিলম্বের কারণে বেশ কিছুদিন ধরেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নে উৎকণ্ঠা ছিল। তবে রবিবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন-এর টুইটে এ উৎকণ্ঠার অবসান ঘটে।
টুইটে ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়নে অতিরিক্ত ৯০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাঠাবে অ্যাস্ট্রাজেনেকা।
এখন পর্যন্ত করোনার তিনটি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সির পরিচালক এমার কুক সাংবাদিকদের বলেছেন, ‘এর কোনোটিই একেবারে ‘নিখুঁত' বা ভাইরাসের বিরুদ্ধে ‘জাদুর কাঠি' হিসেবে কাজ করবে এমনটা নয়।’ কিন্তু তারপরও এগুলো মহামারি মোকাবিলার হাতিয়ার।