তোপের মুখে ওবামা

ওবামা
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশ প্রদানের পর রিপাবলিকান আর অস্ত্র ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  এ ধরনের নির্বাহী আদেশ স্বাধীনতা ক্ষুণ্ন করার সামিল উল্লেখ করে এর বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ান।  আর ক্ষমতায় গেলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ওবামা ঘোষিত নির্বাহী আদেশ পরিবর্তন করে ফেলবেন বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতায় গেলে ওবামার আদেশ বহাল রাখার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটদের হয়ে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।
মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহতদের আত্মীয়-স্বজনেরা। সেসময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ওবামা বলেন, অস্ত্রের তদবিরকারীরা কংগ্রেসকে জিম্মি করে রাখলেও যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রাখতে পারবে না। শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আর ওবামার সে ঘোষণার পর বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)-এর দাবি, ওবামার এ উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বন্দুক হামলার মতো কোনও হামলা ঠেকানো সম্ভব নয়। রিপাবলিকান নেতা রায়ান বলেন, ‘অপরাধী কিংবা সন্ত্রাসীদের চেয়ে দেশের কোন নাগরিকরা আইন মেনে চলছে তা দেখার পেছনেই বেশি ছুটছেন ওবামা।’

এক টুইটে ওবামার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন সিনেটর টেড ক্রুজ। ক্ষমতায় গেলে ওবামার আদেশ পরিবর্তন করবেন বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকানদের হয়ে আরেক প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী জেব বুশ। 

প্রেসিডেন্ট ওবামার নির্বাহী ব্যবস্থাগুলোর মধ্যে আছে-

  • অনলাইনে যারা অস্ত্র বিক্রি করেন তাদেরসহ সকল অস্ত্র বিক্রেতার পারিবারিক ও অতীত ইতিহাস যাচাই
  • মানসিক অসুস্থতা কিংবা পারিবারিক সহিংসতার শিকার মানুষদের অস্ত্র কেনা নিষিদ্ধ করা এবং তাদের সম্পর্কে রাষ্ট্রীয় তথ্য সরবরাহ করা
  • পারিবারিক ও অতীত ইতিহাস যাচাইয়ের কাজে এফবিআই-এর জনবলকে শক্তিশালী করা
  • যুক্তরাষ্ট্রে মানসিক সুরক্ষা খাতে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ করার জন্য কংগ্রেসকে সুপারিশ করা
  • আগ্নেয়াস্ত্রজনিত নিরাপত্তা রক্ষায় আধুনিক অস্ত্র প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করবে প্রতিরক্ষা বিভাগ, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ

এর আগে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ঠেকাতে কংগ্রেস ব্যর্থ হয়েছে উল্লেখ করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী ক্ষমতাবলে একতরফা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ১ জানুয়ারি ২০১৬ সালের প্রথম সাপ্তাহিক ভাষণে প্রস্তাবিত বন্দুক নীতির জন্য কংগ্রেসের সমর্থন না পাওয়াকে প্রেসিডেন্ট হিসেবে নিজের সবচেয়ে বড় হতাশা বলেও উল্লেখ করেন তিনি। সূত্র:বিবিসি, আল জাজিরা

/এফইউ/বিএ/