জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়িদের কন্যা মেহবুবা মুফতি। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেহবুবাই হবেন জম্মু ও কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী। মেহবুবা মুফতি
বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুফতি মোহাম্মদ সাইয়িদের মৃত্যু হলে জম্মু ও কাশ্মিরের গভর্নর বরাবর এক চিঠি পাঠান পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দ। সেই চিঠিতে তারা মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করার পক্ষে সমর্থন জানান।
মুফতি মোহাম্মদ সাইয়িদ পিডিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী ছিলেন। পিডিপি নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি জানায়, মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় বিজেপির তরফ থেকে কোন আপত্তি নেই, তবে এ জন্যে দিল্লি থেকে আনুষ্ঠানিক চিঠি আসতে হবে।  
এ প্রসঙ্গে বিজেপির ভাইস প্রেসিডেন্ট অবিনাশ রাই খান্না বলেন, ‘পিডিপির নেতারাই ঠিক করবেন তাদের প্রধান কে হবেন, আমরা পিডিপির সঙ্গে আছি।’
প্রসঙ্গত, ৫৬ বছর বয়সী মেহবুবা মুফতি রাজনীতিতে আসেন ১৯৯৬ সালে।মুফতি মোহাম্মদ সাইয়িদ ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বের হয়ে এসে পিডিপি গঠন করার সময় মেহবুবা তার পিতার সঙ্গেই ছিলেন। বর্তমানে তিনি লোকসভার সাংসদ হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। সূত্র: এনডিটিভি

/ইউআর/