২০১২ সালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে হরিয়ানার হিসার থেকে রাইসিনা হিলসে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল সেনাবাহিনীর দু’টি গুরুত্বপূর্ণ ইউনিট। পরে তাদের ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। আর এর কিছুই জানতো না সেসময়কার ভারত সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই খবর নিয়ে সেসময় ভারতজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। তবে এই ঘটনার সত্যতা অস্বীকার করা হয় সেনার পক্ষ থেকে। তাদের যুক্তি ছিল, কুয়াশায় মহড়া দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার পরেও প্রশ্ন থেকে যায়, যদি সেনা মহড়াই হয়ে থাকে, তা হলে কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো হল না? সারা দেশে যখন এই রিপোর্টে তোলপাড়, তখন সংসদেও এই প্রশ্নের উত্তর চাওয়া হয় সেনা কর্তাদের কাছে। কিন্তু সে দিন তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। তখন এই খবরের সত্যতা স্বীকার করেনি ইউপিএ সরকারও।
শনিবার আবার সে বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এলেন মণীশ তিওয়ারি। মণীশ বলেন, ‘আমি সেই সময় প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম। এটা সত্যিই একটা দুর্ভাগ্যজনক ঘটনা।’
২০১২ সালের ঘটনা নিয়ে শনিবার মণীশের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন সেসময়কার সেনাপ্রধান এবং বর্তমান কেন্দ্রিয় মন্ত্রি ভি কে সিং। তিনি বলেন, ‘মণীশের কোনও কাজ নেই। আমি একটা বই লিখেছি। ওনাকে বলব সেটা পড়ে নিতে। তা হলেই সব উত্তর পেয়ে যাবেন।’
এদিকে এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির মন্তব্য, মণীশ তিওয়ারির এই দাবির কোনও গ্রহণযোগ্যতা নেই দলের কাছে। সূত্র: এনডিটিভি
/এফইউ/