কোলনের ঘটনায় পাঁচ শতাধিক অভিযোগ, ৪০ শতাংশ যৌন নিপীড়নের

জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫১৬টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের ৪০ শতাংশই হচ্ছে ভিড়ের মধ্যে নারীদের ওপর যৌন নিপীড়ন সংক্রান্ত। জার্মান পুলিশকে উদ্ধৃত করে সোমবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে জার্মান পুলিশ। তদন্তে মূলত উত্তর আফ্রিকানদের প্রতি অধিকতর নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

জার্মানির নিরাপত্তা বাহিনী

এদিকে এ ঘটনায় পুলিশের ব্যর্থতার জেরে এরই মধ্যে কোলন শহরের পুলিশ প্রধান ভলফগ্যাং আলবেসকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যৌন নিগ্রহের ঘটনার পর পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ষবরণে চালানো যৌন সন্ত্রাসের ঘটনায় অভিবাসীদের দায়ী করছে জার্মানির ডানপন্থীরা। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহরে হামলার শিকার হন ছয় পাকিস্তানি ও এক সিরীয় নাগরিক। মূলত ওই ঘটনায় অভিবাসীদের ওপর চলমান ক্ষোভের শিকার হন তারা।

২০১৫ সালে জার্মানিতে প্রবেশ করেছেন প্রায় ১১ লাখ অভিবাসন-প্রত্যাশী। কিন্তু বর্ষবরণের ওই অপ্রীতিকর ঘটনার পর সমালোচনার মুখে পড়েছে অ্যাঙ্গেলা মার্কেলের অভিবাসীবান্ধব নীতি। গত শনিবারেও ইসলাম বিরোধী পেগিডা মুভমেন্ট-এর নেতৃত্বে কোলনে অভিবাসন-বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

কোলনে অভিবাসনবিরোধী বিক্ষোভ

বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। ওই ঘটনায় জড়িতদের দেশ থেকে বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

মেরকেল বলেন, তাদের (বহিরাগতদের) জার্মানির আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। আর সে কারণেই এই ঘটনায় জড়িতদের জার্মানি থেকে বিতাড়িত করা হবে। বর্ষবরণের উৎসবে যা হয়েছিল, তা মোটেই কাম্য নয়।

গত ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হন। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের ওপর যৌন নির্যাতন চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে থাকা প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী। তাদের অনেকে মদ্যপ এবং দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের মতো’ ছিলেন।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ৩১ আশ্রয়প্রার্থীর মধ্যে ১৮ জনকে শনাক্ত করেছে জার্মান কর্তৃপক্ষ। সূত্র:বিবিসি।

/এমপি/বিএ/