জয়েশ ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের তৎপরতা শুরু

পাঠানকোট বিমান ঘাঁটিপাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় সশস্ত্র সংগঠন জয়েশ ই মোহাম্মদের বেশ ক’জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ওই হামলার ঘটনায় আরও তদন্তের জন্য ভারতে একটি বিশেষ তদন্তকারী দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দেওয়া এক বিবৃতিতে এমন আগ্রহের কথা জানানো হয়।
ভারত-পাকিস্তানের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দুইদিন আগে তদন্তে অগ্রগতি ও সন্দেহভাজনদের আটকের খবর জানানো হলো।বুধবার, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর বিবৃতিটি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন জয়েশ ই মোহাম্মদ সদস্যদের আটকের পাশাপাশি সংগঠনটির বেশ কিছু অফিস সিলগালা করে দেওয়া হয়েছে।
হামলার ঘটনায় পাকিস্তানিদের সংশ্লিষ্টতা নিয়ে চলমান তদন্তে অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলা হয়, ‘আরও অগ্রগতির জন্য কিছু অতিরিক্ত তথ্য প্রয়োজন। আর সেকারণে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দেশটিতে বিশেষ তদন্তকারী দল পাঠানোর কথা চিন্তা করছে পাকিস্তান।’

গত ২ জানুয়ারি দিনগত রাতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। ঘটনার পর থেকেই হামলার পেছনে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই দায়ী করে আসছে ভারত। এই সংগঠনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রমাণসাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হবে। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘ভারতের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে পাকিস্তানের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ভরসা না রাখার কোনও কারণ নেই।’ সূত্র: ডন, এনডিটিভি  

/এফইউ/বিএ/