ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একাধিক বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে এ পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, জাকার্তায় প্রেসিডেন্ট ভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছেই বিস্ফোরণগুলো ঘটে। শারিনাহ নামের একটি বিপণী কেন্দ্রের বাইরে ছয়টি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ইন্দোনেশিয়া পুলিশের এক মুখপাত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।
পরে ইন্দোনেশিয়ার পুলিশ মুখপাত্র কর্নেল মুহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ' চার হামলাকারীসহ মোট সাতজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।'
তিনি আরও জানান, এখন পর্যন্ত চার হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হামলাকারীদের মধ্যে আরও কেউ নিহত হয়েছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।
জাতিসংঘের এক কর্মকর্তা এক টুইটার বার্তায় জানান, ছয়টি বোমা বিস্ফোরণ ছাড়াও 'গুরুতর বন্দুকযুদ্ধ ও গুলি বিনিময়' ঘটেছে।সূত্র: বিবিসি
/ইউআর/