আফগানিস্তানে সহকর্মীদের হত্যার পর অস্ত্র নিয়ে চার পুলিশের পলায়ন

সহকর্মীদের হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশদের খোঁজা হচ্ছেআফগানিস্তানে ৯ সহকর্মীকে গুলি করে হত্যা করার পর তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তালেবানে যোগ দিতে তারা এ হত্যাকাণ্ড চালিয়েছেন বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। সোমবার স্থানীয় পুলিশ কর্মকতাদের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরইমধ্যে ওই পুলিশ সদস্যদের খুৎজতে অভিযান শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উরুজগান প্রদেশে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ নায়াব জানান, রোববার সন্ধ্যায় একটি পুলিশ চেকপয়েন্টে ওই হামলা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে চার পুলিশ সদস্য হামলাটি চালিয়েছেন।
তারা তালেবানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হলেও এখনও সশস্ত্র সংগঠনটির তরফে কোনও দায় স্বীকার করা হয়নি।
গত বছর প্রাদেশিক পুলিশ প্রধান এবং ছয় সপ্তাহ পর তার উত্তরসূরীকে হত্যার দায় স্বীকার করেছিল তালেবান। সূত্র: ডন

/এফইউ/