বুধবার রাতে অনুসন্ধানভিত্তিক সংবাদ ওয়েবসাইট এক্সারাওতে ডেম জ্যানেট স্মিথের করা তদন্ত প্রতিবেদনের খসড়ার কিছু গুরুত্বপূর্ণ অংশ ফাঁস হয়। সেখানে বলা হয়, জীবদ্দশায় সেভিল যেসব ধর্ষণ ও নিপীড়ন চালিয়েছেন তার বেশ কয়েকটিতে বিবিসি অঙ্গনের কারও কারও সহযোগিতা ছিল। এক বছর আগে তৈরি করা ওই খসড়ায় বলা হয়, সেভিলকে যৌন নিপীড়নে সহযোগিতাকারী বিবিসি অঙ্গনের প্রত্যেকের বিস্তারিত তুলে ধরা হবে।
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার টনি হল বলেন, জ্যানেট স্মিথের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি হাতে পেলে ভবিষ্যতে বিবিসিতে যেনও এরকম ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘জ্যানেট স্মিথের প্রতিবেদনটি কী ঘটেছিল তা বুঝতে আমাদের সহায়তা করবে। সেইসঙ্গে ভবিষ্যতে এরকম ঘটনা যেনও আর না ঘটে তা নিশ্চিত করতেও আমাদের সহায়তা করবে।’
শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশেরও তাগিদ দেন টনি।
এদিকে ফাঁস হওয়া খসড়া প্রতিবেদনের ব্যাপারে স্মিথ বলেন, ‘সেটি পুরনো। ওই প্রতিবেদনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।’
উল্লেখ্য বিবিসির প্রয়াত উপস্থাপক জিমি সেভিল ৪০ বছরেরও বেশি সময় ধরে শতাধিক শিশু কিশোরের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। ২০১১ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে সেভিলের মৃত্যু হয়। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/