আবারও গাড়ি নিখোঁজ, আবারও পাঠানকোট স্টাইলের হামলার শঙ্কা

পাঠানকোট থেকে ট্যাক্সি ভাড়া করছেন সন্দেহভাজনরাসেই একই পাঠানকোট। আবারও গাড়ি ছিনতাই। গাড়িটি এখনও নিখোঁজ। চালকের মৃতদেহ উদ্ধার।  গত ২ জানুয়ারি পাঠানকোটে হামলার আগেও পুলিশের একটি গাড়ি ছিনতাই হয়েছিল এবং পরে তা হামলার কাজে ব্যবহার করা হয়েছিল। হত্যা করা হয়েছিল চালককে। এবারও কি তবে একই লক্ষ্যে গাড়ি ছিনতাই? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভারতের নিরাপত্তা সংশ্লিষ্টরা। আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জোরালো হয়েছে দেশটির নিরাপত্তা। এরইমধ্যে জঙ্গি সন্দেহে বেশ ক’জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবের পাঠানকোটে আবারও চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত। ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নতুন করে সতর্কতা জারি করেছে দেশটির পুলিশ। প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাকে ঘিরে দেশটিতে জোরালো হয়েছে আইএসের হামলার শঙ্কা।
দিল্লি পুলিশের টুইটের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পাঠানকোট থেকে গাড়িটি ভাড়া করেন তিন ব্যক্তি। ২০ জানুয়ারি কাংরা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে গাড়িটি এখনও নিখোঁজ রয়েছে। গাড়িচালকের নাম বিজয় কুমার বলে জানিয়েছে পুলিশ। টুইটে দিল্লি পুলিশ সন্দেহভাজনদের একটি ছবিও প্রকাশ করেছে।

এদিকে বুধবার দিল্লির নয়ডা থেকে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নতুন টাটা সাফারিও উধাও হয়ে গিয়েছে। আইটিবিপি-র ইন্সপেকটের জেনারেল আনন্দ স্বরূপের গাড়ি ছিল এটি। ২ জানুয়ারির জঙ্গি হামলার পর থেকেই ভারতজুড়ে সতর্কতা জারি রয়েছে। এবার পরপর এই দুটি গাড়ি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কা আরও বেড়েছে।

এদিকে আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ব্যাপক সতর্কতায় রয়েছে ভারতীয় পুলিশ। ফ্রান্সের প্রেসিডেন্টের আগমনকে সামনে রেখে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গত ১১ জানুয়ারি ভারতের ফরাসি দূতাবাসে ওঁলাদকে হুমকি দিয়ে একটি চিঠি পাঠায় অজ্ঞাতরা। এছাড়া আলাদা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দিয়েছে আইএস।

এমন অবস্থায় সন্ত্রাসী হামলার আশঙ্কায় তৎপর রয়েছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ ক’জন সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আইএসের সঙ্গে জড়িত সন্দেহে কর্ণাটক থেকে ছয়জনকে আটক করেন জাতীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। হায়দারাবাদ থেকেও চারজনকে আটক করেন তারা। এছাড়া মহারাষ্ট্র এন্টি টেরর স্কোয়াড মুম্বাইতে অভিযান চালিয়ে বেশ ক’জনকে আটক করেছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/