ভারতে ফরাসি প্রেসিডেন্ট

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের সফরে চণ্ডীগড়ে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ভারতের স্থানীয় সময় রবিবার দুপুর একটার দিকে  অবতরণ করেন তিনি।

চণ্ডীগরের বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট, ছবি এএফপি

রবিবার বিমানবন্দরে ওঁলাদকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বিমানবন্দর থেকে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে হরিয়ানার লোকনৃত্যশিল্পী আর সঙ্গীতশিল্পীদের পরিবেশনা উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের সফর উপলক্ষে ব্যাপক সতর্কতায় রয়েছে ভারত। দুমাস আগে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আইএসবিরোধী বিমান হামলা জোরালো করে ফ্রান্স। আর সেদিক থেকে একরকম আইএসের টার্গেটে পরিণত হয়েছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। ভারত সফরের আগে তাকে হুমকি দিয়ে ফরাসি কনস্যুলেটে চিঠিও পাঠিয়েছে অজ্ঞাতরা। এমন অবস্থায় ভারত সফরে যেনও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। চণ্ডীগড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ফ্রাঁসোয়ার ভারত সফরে রাফালে চুক্তি সফলতার মুখ দেখবে বলে আশা করা হলেও চণ্ডীগড়ে সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট জানান, এ চুক্তির জন্য আরও সময়ের প্রয়োজন।

ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, ছবি এএফপি

মনমোহন সিং সরকারের আমলেই ফ্রান্সের থেকে ১২৬টি রাফা যুদ্ধবিমান কেনার জন্য তৎপরতা শুরু করে ভারত। কিন্তু, শেষ মুহূর্তে আর্থিক কারণে তা থেকে পিছিয়ে আসে কেন্দ্র। স্থির হয়, ১২৬ নয়, ৩৬টি রাফা যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করা হবে। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের সময় এ নিয়ে ফের  তৎপরতা শুরু হয়। বিমানের মূল্যসহ বেশ কয়েকটি ইস্যুতে এখনও একমত হতে পারেনি দুদেশ। 

ওঁলাদের ভারত সফরে সোমবার মহারাষ্ট্রে ছয়টি ফরাসি পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য রোডম্যাপ ঘোষণার কথা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সৌর জোটের সদর দফতরের ভিত্তি প্রস্তর স্থাপনেরও কথা রয়েছে। গত নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ১২১ টি রাষ্ট্র নিয়ে সৌর জোট গঠনের ঘোষণা দেন মোদি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, এবিপি আনন্দ

/এফইউ/বিএ/