আফগানিস্তানে তালেবানের ইশারায় ১০ সহকর্মীকে হত্যা করলেন এক পুলিশ!

আফগানিস্তানে সহকর্মীদের হত্যা করলেন এক পুলিশ সদস্যআফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১০ সহকর্মীকে বিষ প্রয়োগের পর গুলি করে হত্যা করলেন এক আফগান পুলিশ। এরইমধ্যে মঙ্গলবার দিনগত রাতে হওয়া ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তালেবান। ওই পুলিশ সদস্য তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।
উরুজগান গভর্নরের মুখপাত্র মোহাম্মদ নায়াব বার্তা সংস্থা ডিপিএ কে জানান, ‘তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট ওই পুলিশ একটি চেকপয়েন্টে প্রথমে সহকর্মীদের বিষ পান করান। এরপর তাদের গুলি করে মারেন। পরে সন্দেহভাজন ওই পুলিশ সদস্য পালিয়ে যান।’
ঘটনার পর থেকে ওই পুলিশ সদস্যদের অস্ত্র ও গোলা বারুদ নিখোঁজ রয়েছে। পুলিশের একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
কথিত গ্রিন অন ব্লু অ্যাটাকের নামে বিদেশি সেনা ও সহকর্মীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছেন আফগান সেনা ও পুলিশ সদস্যরা। আর তাতে স্থানীয় সেনাদের ওপর বিদেশি সেনাদের আস্থা কমছে বলে মনে করা হচ্ছে।

গত বছরের আগস্টে হেলমান্দ প্রদেশে এক আফগান সেনা সদস্যের গুলিতে দুজন মার্কিনি নিহত হন।  সূত্র: আলজাজিরা

/এফইউ/