ইউক্রেনের পক্ষ নিতে চীনকে আহ্বান অস্ট্রেলিয়ার

ইউক্রেনে রুশ হামলা নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির রাজধানী কিয়েভে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে এ ইস্যুতে ইউক্রেনের পক্ষে নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ক্যানবেরা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্যমান সংকটে দেশটি যেন নীরব না থাকে।

পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার স্বৈরাচারী একতরফা পদক্ষেপ ইউক্রেনের প্রতি হুমকিস্বরূপ। এ ধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

অস্ট্রেলিয়া নিজে অবশ্য চীনবিরোধী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটের সদস্য। গত শুক্রবারও এ জোটের বৈঠকে অংশ নেয় ক্যানবেরা।

এদিকে কিয়েভে নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাস পশ্চিম ইউক্রেনের লভভ-এ স্থানান্তরের ঘোষণা দিয়েছে অসি কর্তৃপক্ষ। ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছেন অসি পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইনে। পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।