জিকা ভাইরাস নিয়ে এবার সতর্কতা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা থেকে দেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ।
ব্রাজিলে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সাবধানবাণীর পর এ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। ২৫ ডিসেম্বর জিকা ভাইরাস পুরো আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংগঠন দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, যেখানে এডিস মশা পাওয়া যাচ্ছে সেসব দেশ ও অঞ্চলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়বে।
যুক্তরাষ্ট্রে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, জিকা ভাইরাসের প্রাদুর্ভাব আছে এমন দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা গর্ভবতী নারীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করা হবে।
যেসব শিশুদের দেখে সন্দেহ হবে যে তারা জিকা ভাইরাসে আক্রান্ত তাদের এবং গর্ভবতী নারীদের কিভাবে পরীক্ষা করা হবে সে বিষয়েও বিভিন্ন নিয়মাবলী দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের।
গর্ভবতী নারীরা মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত কিনা বা তারা বিদেশ থেকে এ রোগ নিয়ে এসেছে কিনা সে বিষয়ে পরীক্ষা চালানো হবে।
মার্কিন চিকিৎসকদেরকে গর্ভবতী নারীদের ভ্রমণের বৃত্তান্ত জেনে সেটা নিয়ে গবেষণা করতে বলা হয়েছে।
ইতোমধ্যে ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২১ টি দেশে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ ঠেকাতে ২ লাখ ২০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।
ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়াম মশামুক্ত করার জন্য পুরো স্টেডিয়ামে মশা নিধনের ধোঁয়া দেওয়া হয়েছে।
কোনও নারী যদি গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হন তাহলে ছোট বা বিকৃত মস্তিষ্ক নিয়ে শিশুর জন্ম হতে পারে। এ বছর ব্রাজিলে রেকর্ড সংখ্যক শিশু অপরিণত বা ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের সরকার আপাতত নারীদের গর্ভধারণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
গতবছর অক্টোবর থেকে ব্রাজিলে তিন হাজার ৮৯৩টি শিশু ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করার খবর পাওয়া গেছে। যেখানে আগে একই সময়ে মাত্র ১৬০টি শিশু এ ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করত। সূত্র: বিবিসি।
/এমপি/বিএ/