জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছে। জাতিসংঘকে এ তথ্য দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। খবর সিএনএন-এর।
লিন্ডা জানালেন, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। লিন্ডা কেন্দ্রটির নাম উল্লেখ না করলেও ইউক্রেনের পারমাণবিক জ্বালানি কমিটি এনারগোয়াটমের মতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।
পারমাণবিক কেন্দ্রে সামান্য ভুলচুকেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এমন পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লিন্ডা অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানিয়েছিলেন থমাস গ্রিনফিল্ড।
রোমানিয়ার আকাশে যৌথ মহড়া
এদিকে রোমানিয়ার আকাশসীমায় এক যৌথ মহড়া অংশ নিতে গেছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। রোমানিয়া ও জার্মানির সঙ্গে আকাশপথে একাত্মতার জানান দিতেই তড়িঘড়ি এ মহড়া হতে চলেছে। আর এর জন্য মার্কিন বিমানবহরের সবচেয়ে বড় বোমারুটি উড়াল দিয়েছে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের স্টেশন থেকে।
ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তরসীমান্তে আছে রোমানিয়া। যে দেশটির আকাশসীমায় রাশিয়া তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা দেখিয়ে আসছিল। ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সেস ইন ইউরোপ-এর কমান্ডার জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেছেন, এ ধরনের মহড়ায় আমরা বুঝিয়ে দিতে পারবো যে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার ধারেকাছেও কেউ নেই।