ইউক্রেনকে প্রায় ৮ লাখ ডলারের সহায়তা দেবে চীন

ইউক্রেনকে ৫০ লাখ ইউয়ান বা ৭ লাখ ৯১ হাজার ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীনের রেড ক্রস ইউক্রেনকে এই মানবিক সহায়তা দেবে। বুধবার এই সহায়তার প্রথম ব্যাচ বেইজিং ছেড়েছে।

ঝাও লিজিয়ান জানান, ইউক্রেনের অনুরোধে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীসহ এই সাহায্য পাঠানো হচ্ছে। যত দ্রুত সম্ভব ইউক্রেনীয় রেড ক্রসের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে ইউক্রেনের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে দেশটিতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আহ্বান জানিয়েছেন।

শি জিনপিং বলেন, পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় শি জিনপিং বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনাকে তিন দেশের যৌথভাবে সমর্থন করা উচিত।

এখন পর্যন্ত ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানায়নি চীন। এটিকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি। বরং পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ‘বৈধ নিরাপত্তা উদ্বেগ’-এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।